বিনোদন
শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’
০৭ আগস্ট ২০২৬ | ১২:৩৫ রাত
নাটকের দল ম্যাড থেটার শিল্পকলা একাডেমিতে মঞ্চায়ন করল তাদের দর্শকনন্দিত নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। এটি দলের দ্বিতীয় প্রযোজনার দ্বাদশ প্রদর্শনী।
১৯২৪ সাল। রবীন্দ্রনাথ ঠাকুরকে পেরু সরকার দাওয়াত দিয়েছিল স্বাধীনতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে। সেখানে যাবার মনস্থ করেন রবীন্দ্রনাথ। তিনি শ্রীলঙ্কার কলম্বো বন্দর থেকে জাহাজে চড়ে বসেন। দীর্ঘ দুই মাসের সমুদ্রযাত্রার ক্লান্তিতে তার শরীর ভেঙে পড়ে। দেহের মধ্যে বাসা বাঁধে ইনফ্লুয়েঞ্জা। পেরুর উদ্দেশে যাত্রা করেও তিনি পেরু পর্যন্ত পৌঁছাতে পারলেন না। জাহাজে কোনোরকম আর্জেন্টিনা পর্যন্ত পৌঁছাতেই শরীরে রোগের প্রকোপ বেড়ে যায় এবং ডাক্তারের পরামর্শে বাধ্য হয়ে তাকে বিশ্রাম নিতে হয়। আর্জেন্টিনার প্লাজা হোটেলে অসুস্থতার দিনগুলোতে একদিন হঠাৎ তার এক পাঠিকা এসে উপস্থিত হন। তিনি এসে রবীন্দ্রনাথকে নিয়ে গেলেন একটা ছোট্ট বাড়িতে। বাড়ির নাম মিরালরিও ভিলা। মিরালরিও ভিলার টিপাট্রির ফাঁক দিয়ে রবীন্দ্রনাথ তাকিয়ে থাকতেন রুপালি নদীর দিকে, নদীর নাম রিও ডেলা প্লাটা। রবীন্দ্রনাথ মিরালরিও ভিলায় কাটালেন দুই মাস, তিনি সুস্থ হতে থাকলেন। দুই মাসের আতিথেয়তার খরচ জোগাতে সেই পাঠিকাকে বিক্রি করে ফেলতে হয় সবচেয়ে প্রিয় গহনাটি, ডায়মন্ড টিয়ারা। বিনিময়ে রবীন্দ্রনাথ তাকে কিছু দিতে পারলেন না। কিন্তু দেশে ফেরার পর রবীন্দ্রনাথ তার সেই পাঠিকার কথা ভুললেন না। রবীন্দ্রনাথ তার লেখনীক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করে অনেক মমতায় লিখলেন কাব্যগ্রন্থ ‘পূরবী’। প্রিয় পাঠিকার স্মরণে তিনি বইটি উৎসর্গ করলেন। উৎসর্গপত্রে লিখলেন, বিজয়ার করকমলে।
রবীন্দ্রনাথের হৃদয়ে সঞ্চিত বিজয়ার করকমলের উষ্ণতা নিয়ে নির্মিত ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।
১৯২৪ সালে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হয়েছিল ভিক্টোরিয়া ওকাম্পোর। তাদের সাক্ষাতের শতবর্ষ পেরিয়েছে। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষকে নাটকের মধ্য দিয়ে স্মরণে একমাত্র ম্যাড থেটারই বিরল ব্যতিক্রম।
নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম। নাটকটির চরিত্রসংখ্যা দুটি। রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন আসাদুল ইসলাম ও ভিক্টোরিয়া চরিত্রে সোনিয়া হাসান।