লাইফস্টাইল
সামান্থার পোশাকে মাতৃত্বের ছোঁয়া, মুগ্ধ ভক্তরা
৩১ আগস্ট ২০২৬ | ১২:১৫ রাত
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। কখনো ছিমছাম পোশাক, কখনো জমকালো সাজ-বিভিন্ন রূপে তাকে দেখা যায়।
এবার জীবনের নতুন অধ্যায় ঘিরে তার পোশাকেও এসেছে ভিন্ন মাত্রা। মা হওয়ার এই সময়ে সামান্থার ম্যাটার্নিটি ফ্যাশন যেন হয়ে উঠেছে স্বাচ্ছন্দ্য আর সৌন্দর্যের দারুণ মেলবন্ধন।
সামান্থার একটি সাদা রঙের পোলকা-ডট মিডি পোশাকে পরেছেন। শরীরঘেঁষা পোশাকটি তার গড়নকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার পাশাপাশি গর্ভাবস্থার পরিবর্তিত অবয়বকেও দিয়েছে স্বাভাবিক সৌন্দর্য। পোশাকটির সরল নকশাই এই সাজের সবচেয়ে বড় আকর্ষণ।
মাতৃত্বকালীন পোশাক মানেই যে ঢিলেঢালা ও একঘেয়ে হতে হবে, সামান্থার এই সাজ যেন তারই বিপরীত উদাহরণ। শরীরের সঙ্গে মানানসই আরামদায়ক পোশাকেও কীভাবে মার্জিত ও আধুনিক থাকা যায়, সেই বার্তাই মিলেছে তার সাজে।
এই পোশাকের সঙ্গে কাধে ছিল ছোট ক্রেসেন্ট-শেইপডের কালো ব্যাগ। পায়ে হালকা কালো স্যান্ডেল।
সামান্থার আরেকটি পোশাকে ছিল সরিষা হলুদের উজ্জ্বলতা। কেপধাঁচের এই পোশাকটি একদিকে যেমন আধুনিক, অন্যদিকে তেমনই অভিজাত। গলার অংশ উঁচু হওয়ায় সেখানে কোনো অলংকার না রেখে কানে বড় রুপালি ঝাড়বাতির মতো দুল পরেছেন তিনি।
গর্ভাবস্থার সময় পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আরামের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব প্রকাশ করাও গুরুত্বপূর্ণ। সামান্থার এই সাজে সেই বিষয়টিই স্পষ্ট। পোশাকের প্রশস্ত নকশা চলাফেরায় স্বাচ্ছন্দ্য দেওয়ার পাশাপাশি পুরো সাজে এনে দিয়েছে রাজকীয় আবহ।