তথ্য ও প্রযুক্তি
চাকরি হারানোর বড় শঙ্কা, এআই নিয়ে তীব্র উদ্বেগ বিল গেটসের
৩১ আগস্ট ২০২৬ | ১২:৫৯ রাত
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতি এবং চাকরির বাজারে এর সম্ভাব্য প্রভাব নিয়ে এবার তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। কয়েক বছর আগেও এআইয়ের কারণে কর্মসংস্থানে যে পরিবর্তন আসবে, তা সামাল দেওয়া সম্ভব বলে মনে করতেন তিনি। এখন তার আশঙ্কা, এআইয়ের দ্রুত অগ্রগতি বর্তমানের তুলনায় অনেক কম চাকরির একটি অর্থনীতি তৈরি করতে পারে।
সেমাফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘এআই এরই মধ্যে জীববিজ্ঞান, সাইবার নিরাপত্তা, অফিসভিত্তিক চাকরি এবং মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এমন কিছু ঝুঁকি তৈরি করেছে। যা নিয়ে আরও জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
এআইয়ের অগ্রগতির গতি এবং সরকার ও প্রযুক্তি খাতের নেতাদের পর্যাপ্ত প্রস্তুতির অভাব তাকে বিস্মিত করেছে। তিনি বলেন, ‘আমি এমন অবস্থায় আছি যে, হয়তো আমিই প্রথম বলছি—এটা পাগলামি, এটা উন্মাদনা। চারপাশের নীরবতা আমাকে হতবাক করছে।’
বুধবার প্রকাশিত এক ব্লগ পোস্টে বিল গেটস প্রযুক্তি ও রাজনৈতিক নেতাদের এআইয়ের ঝুঁকি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে কর্মীদের সুরক্ষায় নতুন নীতিমালা তৈরি এবং এআই ব্যবহারের ভিত্তিতে কোম্পানিগুলোর ওপর কর আরোপের বিষয়টি বিবেচনার কথা বলেন তিনি।
গেটসের আশঙ্কা, নিয়ন্ত্রণহীনভাবে এআইয়ের ব্যবহার বাড়তে থাকলে ব্যাপক কর্মসংস্থান সংকট দেখা দিতে পারে। এর ফলে প্রযুক্তিটির বিরুদ্ধে সমাজে বড় ধরনের প্রতিক্রিয়াও তৈরি হতে পারে, যা শেষ পর্যন্ত বিজ্ঞান ও স্বাস্থ্য খাতে এআইয়ের সম্ভাবনাময় ব্যবহারকেও বাধাগ্রস্ত করতে পারে।
জীববিজ্ঞানেও এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিল গেটস। তিনি জানিয়েছেন, এ বিষয়ে আরও বিস্তারিত বিশ্লেষণ নিয়ে পৃথক লেখা প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। ভবিষ্যতে এআইয়ের কারণে জৈব সন্ত্রাসের ঝুঁকি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বিল গেটস বলেন, প্রযুক্তি খাতের কিছু নেতাও ব্যক্তিগতভাবে তার উদ্বেগের সঙ্গে একমত। মাইক্রোসফট এআইয়ের প্রধান নির্বাহী মোস্তফা সুলেইমানসহ কয়েকজন প্রযুক্তিবিদ এআইয়ের দ্রুত পরিবর্তনের জন্য সমাজ ও সরকার পর্যাপ্তভাবে প্রস্তুত নয় বলে মনে করেন।
এদিকে গুগল ডিপমাইন্ডের সহপ্রতিষ্ঠাতা ডেমিস হাসাবিসও উন্নত এআই মডেলের ক্ষেত্রে কঠোর মানদণ্ড ও তদারকির পক্ষে কথা বলেছেন। তার প্রস্তাব অনুযায়ী, নতুন ও শক্তিশালী এআই মডেল বাজারে ছাড়ার আগে একটি স্বাধীন বা সরকারি তত্ত্বাবধানে থাকা সংস্থা সেগুলোর নিরাপত্তা পরীক্ষা করবে।
তবে এআই নিয়ে ভিন্ন মতও আছে। প্রযুক্তি খাতের অনেকের যুক্তি, অতীতের প্রতিটি প্রযুক্তিগত বিপ্লবের মতো এআই কিছু চাকরি কমালেও নতুন ধরনের কর্মসংস্থান সৃষ্টি করবে।