সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
কৃষি ও প্রকৃতি

১০ শতক জমিতে সুপার হট মরিচ চাষে সফল কামাল শেখ

২৫ আগস্ট ২০২৬ | ০৩:২৫ দুপুর

photo

শুরুটা ছিল পরীক্ষামূলক। কৃষি অফিস থেকে দেওয়া উন্নত জাতের মরিচ নিয়ে মাত্র ১০ শতক জমিতে চাষ শুরু করেন কৃষক কামাল শেখ (৫০)। কিন্তু জমিতে মরিচ ধরার পর আর সেটিকে শুধু ‘প্রদর্শনী’ মনে হয়নি। বাজারে ভালো দাম পেয়ে সেই ছোট্ট জমিই এখন কামালের কাছে হয়ে উঠেছে বাড়তি আয়ের সম্ভাবনাময় ক্ষেত্র।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর ব্লকের ছৈলাদি গ্রামের কৃষক কামাল শেখের সকাল এখন কাটে মরিচ গাছের পরিচর্যায়। কখনো জমিতে আগাছা পরিষ্কার করছেন, কখনো গাছের অবস্থা দেখছেন, আবার কখনো পাকা-কাঁচা মরিচ তুলে ঝুড়িতে ভরছেন। পরে সেসব মরিচ নিয়ে যাচ্ছেন স্থানীয় বাজারে। একদিকে জমিতে উৎপাদন; অন্যদিকে বাজারে নগদ বিক্রি। দুই মিলিয়ে বেশ খুশি কামাল শেখ।

কামাল শেখ দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত। প্রতি বছরই বিভিন্ন ফসলের আবাদ করেন। তবে এবার সুপার হট জাতের মরিচ চাষ তার কাছে কিছুটা আলাদা অভিজ্ঞতা। কারণ প্রচলিত ফসলের পাশাপাশি নতুন জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অল্প জমিতেও যে ভালো ফলন ও আয় করা সম্ভব; সেটিই তিনি নিজের জমিতে দেখতে পাচ্ছেন।

বর্তমানে কাঁচা মরিচের বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় তার উৎসাহ আরও বেড়েছে। তাই আগামী মৌসুমে আরও বেশি জমিতে সুপার হট জাতের মরিচ চাষ করার পরিকল্পনা করছেন তিনি।

কামাল শেখ বলেন, ‌‘আমি কৃষির মানুষ। নতুন কিছু শিখে জমিতে কাজে লাগাতে পারলে সেটাই আমার কাছে বড় পাওয়া। কৃষি অফিসের সহযোগিতায় সুপার হট মরিচ চাষ করে ভালো ফলন পেয়েছি, আবার বাজারেও ভালো দাম পাচ্ছি। এতে আমি উৎসাহিত হয়েছি। আগামী বছর আরও বড় পরিসরে মরিচ চাষ করতে চাই।’

কামালের জমিটি এখন আশপাশের কৃষকদের কাছেও আগ্রহের জায়গা। কারণ মাত্র ১০ শতক জমিতে উন্নত জাতের মরিচের এমন আবাদ দেখে অনেকেই জানতে চাইছেন, কীভাবে চাষ করেছেন, কীভাবে পরিচর্যা করেছেন এবং ফলন কেমন হচ্ছে?

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, ‘প্রদর্শনী প্লটের মূল উদ্দেশ্যই হলো কৃষকদের সামনে উন্নত জাত ও প্রযুক্তির বাস্তব প্রয়োগ তুলে ধরা। কামাল শেখের জমিতে সুপার হট মরিচের ভালো ফলন হওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। যাতে তিনি রোগবালাই নিয়ন্ত্রণসহ সঠিক পরিচর্যার মাধ্যমে কাঙ্ক্ষিত ফলন পান।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কামাল শেখের জমিতে সুপার হট জাতের মরিচের প্রদর্শনী দেওয়া হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উন্নত জাতের মরিচ চাষের পদ্ধতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির বিষয়ে বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্য রয়েছে।