পরিবেশ ও জলবায়ু
কুয়াকাটার সাগরে জেলের জালে বিরল ‘চামড়া মাছ’
৩১ আগস্ট ২০২৬ | ০২:১২ রাত
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি টাইটান ট্রিগারফিশ। স্থানীয়ভাবে মাছটি ‘চামড়া মাছ’ নামে পরিচিত।
প্রায় ৯০০ গ্রাম ওজনের মাছটি শনিবার সকালে মহিপুর মৎস্যবন্দরে নিয়ে আসা হলে এটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
শনিবার (২৯ আগস্ট) সকালে মহিপুর মৎস্যবন্দরের মুন ফিসে অন্যান্য মাছের সঙ্গে বঙ্গোপসাগর থেকে ধরা মাছটি নিয়ে আসেন জেলেরা।
জেলেরা জানান, মাছটি দেখতে অনেকটাই ভিন্ন ধরনের হওয়ায় প্রথমে তারা মাছটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারেননি।
জেলে খবির বলেন, আমরা দীর্ঘদিন ধরে সাগরে মাছ ধরছি। বিভিন্ন ধরনের মাছ জালে ধরা পড়লেও এমন মাছ এর আগে কখনো দেখিনি। মাছটি দেখতে অন্য মাছের চেয়ে সম্পূর্ণ আলাদা।
আরেক জেলে মাহাতাব বলেন, অন্যান্য মাছের সঙ্গে জালে মাছটি ধরা পড়ে। বন্দরে নিয়ে আসার পর অনেক মানুষ দেখতে ভিড় করেন। তবে মাছটি বিষাক্ত বলে শুনে কেউ কিনতে চায়নি।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, মাছটি টাইটান ট্রিগারফিশ। স্থানীয়ভাবে এটি ট্রিগারফিশ বা চামড়া মাছ নামে পরিচিত।
তিনি জানান, পিঠের শক্তিশালী কাঁটা, বড় দাঁত ও শক্ত চোয়াল এ মাছের প্রধান বৈশিষ্ট্য। সাধারণত মাছটি মানুষের প্রতি আক্রমণাত্মক নয়। তবে প্রজনন মৌসুমে নিজের এলাকা ও ডিম রক্ষার সময় এটি অত্যন্ত আক্রমণাত্মক আচরণ করতে পারে।
তিনি আরও বলেন, প্রবালপ্রাচীরের বাস্তুতন্ত্রে বিভিন্ন তলদেশীয় প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ এবং খাদ্যজালের ভারসাম্য রক্ষায় টাইটান ট্রিগারফিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের কিছু অঞ্চলে মাছটি খাদ্য হিসেবে ব্যবহার করা হলেও এতে সিগুয়াটেরা নামক বিষক্রিয়ার ঝুঁকি থাকতে পারে। তাই মাছটি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন।