বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
জাতীয়

প্রথমবারের মতো লটারিতে গণপূর্তের ৭৬৭ উপসহকারী প্রকৌশলীর বদলি

০৬ আগস্ট ২০২৬ | ০৪:৫২ দুপুর

photo

প্রথমবারের মতো লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে।

সরকারের উন্নয়ন কার্যক্রমে ‘স্বচ্ছতা’, ‘জবাবদিহি’ ও ‘গতিশীলতা নিশ্চিত করা’র পাশাপাশি সুষ্ঠু মানবসম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে এভাবে বদলি করা হয়েছে বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, এ লটারিভিত্তিক বদলি কার্যক্রমের মাধ্যমে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থায় বদলি ও পদায়নের ক্ষেত্রে ‘স্বচ্ছতা ও নিরপেক্ষতার’ একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

এদিন রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে দেশের আট বিভাগের এসব উপ-সহকারী প্রকৌশলীর (সিভিল) পদায়নের স্থান ও শাখা লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়।

পুরো লটারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম।

লটারির ভিত্তিতে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৩১৭ জন, রাজশাহী বিভাগে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৩ জন, খুলনা বিভাগে ৭৪ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, সিলেট বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৯ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে সারোয়ার আলম বলেন, ‌‘লটারির মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার ফলে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত হবে। একই সঙ্গে মানবসম্পদ ব্যবস্থাপনায় একটি কার্যকর, আধুনিক ও গ্রহণযোগ্য পদ্ধতির সূচনা হলো।’

লটারিভিত্তিক বদলি কার্যক্রমের সঙ্গে যুক্ত গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান বলেন, ‘প্রথমবারের মতো এ ধরনের লটারিভিত্তিক বদলি কার্যক্রম প্রকৌশলীদের মধ্যে আস্থা, সমতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আগামী সপ্তাহে একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ইলেক্ট্রোমেকানিক্যাল শাখার উপ-সহকারী প্রকৌশলীদের বদলি কার্যক্রমও সম্পন্ন করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।