আন্তর্জাতিক
শিশুর ১০ দিন কাশি, ডাক্তারের সিরিয়াল পেতে লাগবে আরও ৭ দিন
২৪ আগস্ট ২০২৬ | ০১:০০ দুপুর
শিশুর ১০ দিন ধরে কাশি। কিন্তু ডাক্তার দেখাতে সিরিয়াল মিলবে আরও সাতদিন পর। নিউজিল্যান্ডে বাচ্চার চিকিৎসা করাতে গিয়ে এমনই ভোগান্তিতে পড়েছেন এক ভারতীয় নারী। আকৃতি জয়সওয়াল শ্রীবাস্তব নামে ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিওতে তার অভিজ্ঞতা তুলে ধরেছেন।
তিনি জানান, তার সন্তান কেভিথের টানা ১০ দিন ধরে কাশি ছিল। কাশি কমার কোনো লক্ষণ না দেখে তিনি স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে যোগাযোগ করেন।
কিন্তু সেখান থেকে তাকে জানানো হয়, পরবর্তী এক সপ্তাহে কোনো অ্যাপয়েন্টমেন্ট খালি নেই। সবচেয়ে কাছের সময় পাওয়া যাবে পরের বুধবার।
‘আর কতদিন অপেক্ষা করব?’
আকৃতি জানান, তিনি বৃহস্পতিবার চিকিৎসাকেন্দ্রে ফোন করেছিলেন। কিন্তু এক সপ্তাহ অপেক্ষা করতে হবে শুনে প্রথমে তিনি ভেবেছিলেন, আরও কিছুদিন অপেক্ষা করে দেখবেন।
এর পেছনে আরেকটি কারণও ছিল। তার অভিজ্ঞতা অনুযায়ী, নিউজিল্যান্ডে চিকিৎসকেরা ভারতের তুলনায় সহজে ওষুধ দেন না।
তাই শুরুতে তিনি আশা করেছিলেন, শিশুর কাশি হয়তো নিজে থেকেই কমে যাবে। কিন্তু ১০ দিন পরও কাশি না কমায় আর অপেক্ষা করতে রাজি হননি তিনি।