শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদীর

০১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:০৮ রাত

photo

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন তিনি। বৈঠকে মোদী বলেন, আগামী দিনে ইরানের সঙ্গে বাণিজ্য আরও বাড়ানো ও বহুমুখী করার ইচ্ছা রয়েছে ভারতের।

যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে ইরান ও এর সহায়তাকারীদের বিরুদ্ধে ‘সর্বাত্মক সরকারি অর্থনৈতিক অভিযান’ শুরু করার এক সপ্তাহের মাথায় মোদীর এই মন্তব্য সবার নজর কেড়েছে। পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকটি ছিল গত ছয় মাস আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর দুই নেতার প্রথম সাক্ষাৎ।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইরানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। মোদীর পোস্টে বলা হয়, ‘আগামী দিনে আমরা আমাদের বাণিজ্যিক পণ্যের পরিধি বাড়াতে ও তা বহুমুখী করতে চাই।

তিনি আরও বলেন, অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করতে যে কোনো ধরনের প্রচেষ্টাকে ভারত সমর্থন করে যাবে।

তবে মোদী বাণিজ্য বাড়ানোর মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি। তবে মন্তব্যটি আন্তর্জাতিকভাবে নজর কেড়েছে। কারণ, এটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ও সাম্প্রতিক বছরগুলোতে নিষেধাজ্ঞার আশঙ্কায় ভারত নিজেও ইরানের সঙ্গে বাণিজ্য কমিয়ে এনেছে।

ঐতিহাসিকভাবে ইরানের সঙ্গে ভারতের বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক থাকলেও যুক্তরাষ্ট্রের ইরানবিষয়ক নিষেধাজ্ঞার কারণে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ২০১৮-১৯ অর্থবছরের ১৭.০৩ বিলিয়ন ডলার থেকে কমে ২০২৫-২৬ অর্থবছরে ১.৬৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

এদিকে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তেহরানকে বাণিজ্যিকভাবে বিচ্ছিন্ন করতে নতুন যেসব ব্যবস্থা ঘোষণা করেছে, সেগুলোর মধ্যেও ভারত কীভাবে ইরানের সঙ্গে বাণিজ্য বাড়াবে, সে বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রিকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।

এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী মূলত এমন নতুন সম্ভাবনা খুঁজে দেখার কথা বলেছেন, যেগুলো ইরানের সঙ্গে বাণিজ্যের বিদ্যমান সীমাবদ্ধতার মধ্যেও বাস্তবায়ন করা সম্ভব। এক্ষেত্রে অর্থায়ন, বিমা, পরিবহন ও লজিস্টিক ব্যবস্থার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।