আন্তর্জাতিক
ইসরায়েলে ভারতীয় কর্মী খুন, সরকারের কাছে নিরাপত্তা চান সহকর্মীরা
২৪ আগস্ট ২০২৬ | ০১:২৩ দুপুর
ইসরায়েলে ভারতীয় পরিচর্যাকারী রাজীব আচার্যকে হত্যার ঘটনায় বিচার ও জবাবদিহির দাবি জানিয়েছেন দেশটিতে কর্মরত ভারতীয়রা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজীবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
ঘটনাটি ঘটে গত ২৩ জুলাই। এ ঘটনায় ইসরায়েলি নাগরিক অ্যাভিওর জাকেনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রাজীব যে বৃদ্ধ দম্পতির পরিচর্যার কাজ করতেন, জাকেন ওই দম্পতির নাতি। তার বিরুদ্ধে ধারালো অস্ত্র দিয়ে রাজীবকে একাধিকবার আঘাত করার অভিযোগ আনা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলের দণ্ডবিধির অধীনে জাকেনের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবি
রাজীব হত্যার ঘটনায় ভারতীয় কর্মীদের পক্ষ থেকে ইসরায়েল সরকারের কাছে কয়েকটি দাবি জানানো হয়েছে। তারা মামলাটির পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার দাবি করেছেন।
একই সঙ্গে, রাজীবের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, ইসরায়েলে কর্মরত ভারতীয় বিদেশি শ্রমিকদের সহিংসতা ও নির্যাতন থেকে সুরক্ষা দেওয়ার দাবিও উঠেছে।
ভারতীয় কর্মীদের সংগঠনের আবেদনে বিশেষভাবে দেশটির গৃহকর্মী ও পরিচর্যাকারীদের ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে। কারণ এসব কর্মী যেখানে কাজ করেন, অনেক সময় সেখানেই বসবাস করেন। ফলে কর্মস্থল ও বাসস্থান একই জায়গায় হওয়ায় তাদের নিরাপত্তার ঝুঁকি আরও বাড়ে।
ভারতীয় দূতাবাসের যোগাযোগ
রাজীব হত্যার প্রায় এক মাস পর তেল আবিবে ভারতীয় দূতাবাস বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছে। গত বুধবার এক্সে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, তারা ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।