ভ্রমণ
সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ঢল
৩১ আগস্ট ২০২৬ | ০২:৫০ রাত
সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত। শুক্রবার সকাল থেকেই জিরো পয়েন্টসংলগ্ন সৈকত এলাকায় পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। উত্তাল সাগরের ঢেউ, নির্মল বাতাস আর মনোরম প্রাকৃতিক পরিবেশে আনন্দে মেতেছেন আগতরা।
পর্যটকদের উপস্থিতিতে ব্যস্ত সময় পার করছেন হোটেল মোটেল, রেস্তোরাঁ, বিপণিবিতানসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই সঙ্গে উত্তাল সাগরে গোসলের সময় পর্যটকদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকেই কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে। তাঁদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো সৈকতজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। কেউ দলবেঁধে উত্তাল ঢেউয়ে জলকেলিতে মেতেছেন, কেউ পরিবার ও বন্ধুদের সঙ্গে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন।
অনেকে সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। আবার কেউ স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত। ভেজা বালু দিয়ে নানা ধরনের ভাস্কর্য তৈরিতেও দেখা গেছে কয়েকজনকে। সব মিলিয়ে উত্তাল ঢেউ, নির্মল বাতাস আর পর্যটকদের আনন্দ-উল্লাসে মুখর হয়ে উঠেছে ‘সাগরকন্যা’ কুয়াকাটা।
এ ছাড়া তিন নদীর মোহনা, ঝাউবন, শুঁটকি পল্লী, গঙ্গামতী ও লাল কাঁকড়ার চর, মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির এবং সমুদ্রপথে বিভিন্ন দ্বীপ ও বনাঞ্চলেও পর্যটকদের উপস্থিতি বেড়েছে।
পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটক মো. মাসুম বলেন, ‘সাপ্তাহিক ছুটির সুযোগে কুয়াকাটায় এসেছি। সমুদ্রের উত্তাল ঢেউ, মনোরম আবহাওয়া আর সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। পরিবার-পরিজন নিয়ে দারুণ সময় কাটাচ্ছি। তবে নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় স্বস্তিতে ঘুরতে পারছি।’
পর্যটক শান্তা বলেন, ‘সমুদ্রের ঢেউয়ের গর্জন এক ভিন্নরকম পরিবেশ তৈরি করেছে। এমন পরিবেশে সময় কাটাতে পেরে সত্যিই ভালো লাগছে।’
পর্যটনকর্মী জনি আলমগীর বলেন, ‘সাপ্তাহিক ছুটিতে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। পর্যটকদের এমন প্রাণবন্ত উপস্থিতিতে কুয়াকাটা আবারও মুখর হয়ে উঠেছে।’
পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী মো. রাসেল শেখ বলেন, ‘বেশ কিছুদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে পর্যটক অনেকটা কম ছিল। সাপ্তাহিক সরকারি ছুটির দিন শুক্রবার সকাল থেকে পর্যটকদের আনাগোনা বেড়েছে। আগামী দিনগুলোতেও এমন পর্যটক সমাগম অব্যাহত থাকবে বলে আশা করছি।’
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের ইন্সপেক্টর মো. নাজমুল আহসান জানান, পর্যটকদের নিরাপদ স্থানে অবস্থান করে সমুদ্রে নামার জন্য নিয়মিত মাইকিং করে সতর্ক করা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সৈকতের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।