প্রবাস
প্যারিসে ‘জুলাই ডায়লগ’: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা
৩১ আগস্ট ২০২৬ | ০২:১৯ রাত
প্যারিসে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) উদ্যোগে ‘জুলাই ডায়লগ-২০২৬: স্মৃতি, সংস্কার ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ, আন্দোলনের অর্জন, কাঙ্ক্ষিত সংস্কার, গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং প্রবাসীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
শুক্রবার (১৪ আগস্ট) বৃহত্তর প্যারিসের পন্তা এলাকার একটি অভিজাত হোটেলের বলরুমে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন এফবিজেএ সমন্বয়ক ও দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন।
অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম, ছাত্রদল বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। তারা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, এর অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য দেন।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই এখনো বাস্তবায়িত হয়নি। জনাকাঙ্ক্ষা পূরণে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ ও ধারাবাহিক রাজনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকতে হবে।
ছাত্রদলের বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে গেলেও বিদেশে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা প্রয়োজন। ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে বাংলাদেশবিরোধী যেকোনো তৎপরতা মোকাবিলা করতে হবে।
জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরেন ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আন্দোলনের সময় দেশের বাইরে অবস্থান করেও প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরাও বিভিন্নভাবে আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন। পাশাপাশি ফরাসি গণমাধ্যমগুলোতে জুলাই আন্দোলনের সংবাদ প্রচার আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেন, বর্তমানে বিদ্যুৎসহ বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। তার মতে, বিএনপি যত বেশি দুর্বল শাসনব্যবস্থা উপহার দেবে, পতিত ফ্যাসিবাদী শক্তি তত বেশি ‘আগেই ভালো ছিলাম’, এমন প্রচারণার সুযোগ পাবে। জুলাইয়ের অর্জনকে টেকসই ও সংহত করতে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
সেমিনারে জুলাই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে সাংবাদিকতার বাস্তবতা, দায়িত্ব ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় বক্তারা প্রবাসী সাংবাদিকদের ভূমিকা, বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহ আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব এবং প্রবাসী সমাজের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, এটিএন নিউজের রুবাইয়া আক্তার সুবর্ণা, লাতিন বাংলার দুলাল মিয়া এবং প্যারিসে জুলাই আন্দোলনের যোদ্ধা রাইসা, জুলাইযোদ্ধা মহসিন আল আবিদ, আরাফাত রহমান, মোহাম্মদ আরিফ ও ব্যবসায়ী শহিদুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এফবিজেএর সদস্যদের মধ্যেও জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। সংগঠনের সদস্যদের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট নিয়াজ মাহমুদ, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি সরদার হাসান ইলিয়াছ তানিম, ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, পিএনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।