প্রবাস
জার্মানিতে ফুটবল খেলায় সমর্থকদের সংঘর্ষে পুলিশসহ আহত ১২০
৩১ আগস্ট ২০২৬ | ০২:২৭ রাত
জার্মানির আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা ডিএফবি পোকালের প্রথম রাউন্ডের ম্যাচটি সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা, বোতল ছোড়াছুড়ি ও সবশেষ সংঘর্ষের মধ্য দিয়ে শেষ হয়েছে। জার্মানির মানহাইমের ওয়াল্ডহফ ও কাইজার্সলাউটার্নের ম্যাচে সমর্থকদের মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে।
এতে অন্তত ৮৫ আহত সমর্থককে চিকিৎসা দিতে হয়েছে। আহত হয়েছেন ৩৫ পুলিশ সদস্যও।
শুক্রবার (২১ আগস্ট) রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে গ্যালারিতে সংঘর্ষ চললেও শেষ পর্যন্ত খেলা বন্ধ হয়নি। অতিরিক্ত সময়ে ১-০ গোলে জয় পায় কাইজার্সলাউটার্ন।
আতশবাজি নিক্ষেপ, মাঠে ঢুকে পড়েন সমর্থকরা
মানহাইমে থাকা একাধিক বাংলাদেশি জানান, খেলার নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হয়নি। এরপর মাঠের খেলোয়াড়দের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়।
স্থানীয় পুলিশ জানায়, মানহাইমের কয়েকজন সমর্থক কাইজার্সলাউটার্নের বেঞ্চের দিকে শুরুতে বোতল ছোড়েন। এর জবাবে কাইজার্সলাউটার্নের সমর্থকরা প্রধান গ্যালারির দিকে আতশবাজি নিক্ষেপ করেন। এরপর কয়েকজন মানহাইম সমর্থক মাঠে ঢুকে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে তাদের গ্যালারিতে ফিরিয়ে দেয়। ঘোড়ায় চড়া পুলিশ সদস্যদেরও মাঠে নামানো হয়। আতশবাজি ও বোতলের আঘাতে ৩৫ পুলিশ সদস্য আহত হন। ধোঁয়া, মরিচের স্প্রে ও মারামারির ঘটনায় ৮৫ সমর্থককে চিকিৎসা দেওয়া হয়। কয়েকজন ফুটবল সমর্থককে আটকও করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মারামারি ও সম্পত্তির ক্ষতির অভিযোগে তদন্ত হবে। ম্যাচ শেষ হওয়ার পর কাইজার্সলাউটার্নের কয়েকজন সমর্থক ওয়াল্ডহফের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এটার তদন্তও হবে।
জার্মানির প্রদেশ বাডেন-ভুর্টেমবার্গ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মানুয়েল হাগেল এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এটি কোনো স্বাভাবিক ডার্বি ম্যাচ ছিল না। ফুটবলকে সহিংসতার মঞ্চ হিসেবে ব্যবহার করে অন্য সমর্থক ও নিরাপত্তাকর্মীদের বিপদে ফেলা ব্যক্তিরা প্রকৃত সমর্থক নন।
তদন্ত করবে জার্মান ফুটবল ফেডারেশন
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা জানিয়েছে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। ম্যাচের প্রতিবেদনগুলো পর্যালোচনা করে সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। ডিএফবি বলেছে, ফুটবলে নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন আচরণের কোনো জায়গা নেই।