বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল রুমিন ফারহানার বক্তব্যে সংসদে উত্তাপ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সোয়াল ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে আস্থা ফেরানো, শান্তি ও রোহিঙ্গা সংকটে গুরুত্ব নতুন সভাপতির
প্রবাস

জার্মানির মাটিতে বাংলাদেশের শাক-সবজির উঠোন

৩১ আগস্ট ২০২৬ | ০২:২৬ রাত

photo

জার্মানির ব্যস্ত জীবন। চারপাশে আধুনিক শহর, সাজানো রাস্তা, নিয়মের ছন্দে চলা মানুষ।

সেই জীবনের মাঝেও কারও কারও মনে পড়ে যায় শৈশবের গ্রাম। মনে পড়ে যায় বাড়ির উঠোন, ভোরের শিশির, কাঁচা মাটির গন্ধ আর মায়ের হাতে রান্না করা টাটকা শাকসবজির স্বাদ।

জার্মানির মাটিতে সেই স্মৃতিকেই যেন নতুন করে বাঁচিয়ে রেখেছেন মোহাম্মদ আরিফ আহম্মেদ। বাড়ির আঙিনায় গড়ে তুলেছেন এক টুকরো বাংলাদেশের সবজির বাগান।

লাউ, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙা, বেগুন, মরিচ, টমেটো থেকে শুরু করে নানা ধরনের শাক। কী নেই তার নিজ হাতের সাজানো বাগানে!

শুধু সবজি চাষ নয়, এই বাগান যেন আরিফের কাছে শৈশবের গ্রামে ফিরে যাওয়ার একটি পথ।

প্রবাসের মাটিতে নিজের দেশের প্রকৃতি, কৃষি আর জীবনযাত্রার সঙ্গে সম্পর্কটুকু ধরে রাখার এক নীরব চেষ্টা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মে পড়াশোনা করেছেন আরিফ। পরে জার্মানিতে এসে দ্বিতীয়বার মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। কর্মব্যস্ত জীবনের ফাঁকেও সময় করে বাগানের পরিচর্যা করেন তিনি ও তার স্ত্রী।

আরিফ বলেন, জার্মানিতে শাকসবজি সহজলভ্য হলেও সব সময় নিজের পছন্দমতো বা প্রয়োজনের সময়ে পাওয়া যায় না। তাই তারা স্বামী-স্ত্রী দুজন মিলে সিদ্ধান্ত নেন, বাড়ির আঙিনায় নিজেরাই সবজি চাষ করবেন।

সেই সিদ্ধান্ত থেকেই শুরু। আর এখন সেই ছোট্ট উদ্যোগ অনেকটাই বড় হয়েছে। প্রতিদিনের রান্নার প্রয়োজনের বেশির ভাগ সবজি আসে নিজেদের বাগান থেকেই। শুধু নিজেদের জন্য নয়, বাড়িতে অতিথি এলে বাগানের তাজা সবজি তাদের হাতেও তুলে দেন আরিফ ও তার স্ত্রী।

আরিফের কাছে বিষয়টি কেবল বাজারের খরচ কমানো নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা আর শেকড়ের টান।